বড়মাপের এক ভারতীয় উপন্যাস এলো মার্কিন দেশে
পারুল সায়গাল/নিউ ইয়র্ক টাইমস
অনুবাদ আশফাক স্বপন
বিপদ হলো পিঁপড়ার মতো – কদাচিৎ সে একা চলে। ভারতীয় লেখক বিবেক শানবাগের সংক্ষিপ্ত উপন্যাস ‘ঘাচার ঘোচার’-এ (শ্রীনাথ পেরুর-এর অনুবাদ) আমরা প্রত্যক্ষ করি একটি পরিবার কীভাবে বিপদ আর পিঁপড়া দুটোরই আক্রমণে জর্জরিত হয়ে প্রতিরোধের নানা নির্মম উপায় উদ্ভাবন করে। হঠাৎ লব্ধ ধনসম্পদ তাদের নিষ্ঠুরতা আরো এক ধাপ বাড়িয়ে দেয়। কাহিনীর মূল চরিত্র, যার জবানীতে আমরা গল্পটা পড়ি, আমাদের জানায়: ‘লোকে ঠিকই বলে – আমরা অর্থ নিয়ন্ত্রণ করি না, অর্থই আমাদের চালায় ।‘ তবে তার বোধোদয় খানিকটা দেরিতে ঘটে। ‘টাকা-পয়সা যখন পরিমাণে অল্প হয়, তখন সে স্বভাবে মিতচারী। যেই ফুলে ফেঁপে বেড়ে ওঠে, ওমনি উদ্ধত হয়ে ওঠে, আমাদের নিজের খুশিমতো চালায়। এই অর্থই আমাদের এক ঝাপটায় তুলে এনে ঘুর্ণিঝড়ের মধ্যে ছুঁড়ে ফেলেছে।‘
