Showing posts with label শ্যামল মিত্র. Show all posts
Showing posts with label শ্যামল মিত্র. Show all posts

কখনও কারও সমালোচনা না করার দুর্লভ গুণ ছিল - সন্ধ্যা মুখোপাধ্যায়



শ্যামল মিত্রকে নিয়ে স্মৃতিচারণ করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়

এখন স্মৃতির সঙ্গে বিস্মৃতিও মিশে যায়৷ তাই ঠিক মনে করতে পারছি না, ঠিক কবে, কোথায় শ্যামলবাবুর সঙ্গে পরিচয় হয়েছিল৷ একই সময়ের শিল্পী ও প্রিয়জন ছিলেন বলেই নয়, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত-পরিচালক শ্যামল মিত্রকে ভুলে যাওয়া কখনও সম্ভব নয়৷ সঙ্গীত-পরিচালক এবং সুরকার হিসেবে তিনি সফল তো বটেই, কিন্তু শিল্পী হিসেবে আরও অনেক বেশি সাফল্য পেয়েছেন বলে মনে করি৷ তাঁর পুরুষালি, সুরেলা ও দরদ-ভরা কণ্ঠের গান একেবারে মনের ভেতরে গিয়ে নাড়া দেয়৷

খুবই জনপ্রিয় শিল্পী ছিলেন৷ কিন্তু গায়ক হিসেবে পাওয়া সাফল্য তাঁকে কখনও অহঙ্কারী করেনি৷ তাঁর বিনয় ছিল একেবারে স্বভাবসুলভ৷ আরও একটা বিশেষ ও দুর্লভ গুণ ছিল, কখনও কারও সমালোচনা করতেন না৷ একই সময়ের শিল্পী হিসেবে বাংলা ছায়াছবিতে আমরা বেশ কিছু গান করেছি৷ সেই স্মৃতি এখনও উজ্জ্বল হয়ে আছে৷ শ্যামলবাবুর সুরে আমি ছায়াছবির গান যেমন করেছি, তেমন ওঁর সুরে বেশ কিছু বেসিক রেকর্ডও করেছি৷ নিজের গানের প্রশংসা নিজেই করা অস্বস্তির, কিন্তু এটা নির্ভেজাল সত্য যে আজও, এত বছর পরেও, সঙ্গীতানুষ্ঠানে শ্রোতাদের অনুরোধে সেই গানগুলো গাইতে হয়৷ গুণী ও যত্নশীল সুরকার ছিলেন৷ পঞ্চাশের দশকে এবং তার পরবর্তী সময়েও ওঁর সুরে অন্য শিল্পীদের গাওয়া গান আজও আমার পছন্দের তালিকায় থেকে গেছে৷ এখনও গানগুলো শুনলে ভাল লাগে৷
প্রকাশক : রিটন খান, সম্পাদকমন্ডলী : এমরান হোসেন রাসেল, রিটন খান
Copyright © 2020. All rights reserved by বইয়ের হাট